শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে গাউছে মাইজভান্ডারীর মিলাদ মাহফিল ১০ জুলাই
আহলে বায়াতের মহব্বত, কারবালার শিক্ষা ও শহীদের মর্যাদা নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমরা।
আহমদ বিলাল খান

শোহাদায়ে কারবালা স্মরণে রাঙ্গামাটিতে আগামী ১০ জুলাই (শুক্রবার) বাদে মাগরিব আজিমুশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি শহরের বনরূপা লেকার্স স্কুল রোড সংলগ্ন দায়রা ভবনে অনুষ্ঠেয় এ মাহফিলের আয়োজন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) বনরূপা দায়রা শাখা।
সোমবার (২৯ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহ্ এমদাদীয়া রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আনসারী (মাঃজিঃআঃ), মুহাদ্দিস, আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদরাসা, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। তিনি ‘আহলে বায়াতের মহব্বত ও অস্বীকারকারীর পরিণতি এবং শহীদের মর্যাদা’ বিষয়ে আলোচনা করবেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মাওলানা নুরুল কবির রিজভী (মাঃজিঃআঃ), খতিব, ছালে আহম্মদ চৌধুরী শাহী জামে মসজিদ, সি অ্যান্ড বি মোহরা, চট্টগ্রাম। তাঁর আলোচনার বিষয় ‘মওলা আলী শেরে খোদা (রা.) ও ইমাম হাসান (রা.)-এর জীবনী ও বৈশিষ্ট্য’।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মুহাম্মদ হাসানুল করিম কাদেরী (মাঃজিঃআঃ), খতিব, গাউছিয়া আহমদিয়া জামে মসজিদ, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম। তিনি ‘আওলাদে রাসূল ও মুরশিদের প্রতি ভালোবাসা, আহলে বায়াতের আমল ও বৈশিষ্ট্য’ বিষয়ে আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) বনরূপা দায়রা শাখার সভাপতি মো. রফিক সওদাগর।
বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র কারবালার শোহাদাদের আত্মত্যাগ, আহলে বায়াতের আদর্শ, ইসলামের প্রকৃত শিক্ষা এবং মানবকল্যাণের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।






