সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
শাহ মাশুক নাঈম

সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানাধীন সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৫ থেকে ৭ জন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০), পিতা হাসিম, গ্রাম তাহেরপুর, সুনামগঞ্জ নিহত হন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও একজন পুরুষ ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত ৫ থেকে ৭ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। পুলিশ বাস ও সিএনজি জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






