বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগদ অর্থ, ঢেউটিন ও এক মাসের খাদ্যসামগ্রী প্রদান।
মোঃ মহিউদ্দিন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
স্থানীয় নেতাকর্মীরা অগ্নিকাণ্ডের বিষয়টি রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির-এর নজরে আনলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। বিষয়টি জানার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মানবিক সহায়তার উদ্যোগ নেন প্রতিমন্ত্রী।
সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি বসতঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন এবং এক মাসের খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে- চাল, ডাল, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল।
এ সময় রাঙামাটি জেলার সাবেক কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মানিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সহযোগিতা পাওয়ায় সন্তোষ জানান।






