ঠাকুরগাঁওয়ে ফের কবর থেকে কঙ্কাল উধাও
পারিবারিক গোরস্থানে গভীর রাতে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী; সংঘবদ্ধ চক্র শনাক্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের।
মোঃ আরফান আলী

ঠাকুরগাঁও সদর উপজেলায় আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য হরিনারায়ণপুর মাস্টারপাড়া এলাকার একটি পারিবারিক গোরস্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে গোরস্থানে প্রবেশ করে অন্তত পাঁচটি কবর খুঁড়ে ফেলে। এর মধ্যে একটি কবর থেকে মৃত রেখা বেগমের কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। রেখা বেগম ঠাকুরগাঁও রোড এলাকার প্রয়াত সিরাজুল হকের কন্যা, যিনি এক সময় ‘বুলবুল লাইব্রেরি’র স্বত্বাধিকারী ছিলেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, সকালে গোরস্থানে গিয়ে তারা কবরগুলো খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে নিশ্চিত হন যে, একটি কবর থেকে কঙ্কাল উধাও হয়েছে।
রেখা বেগমের ছোট ভাই মমিনুল ইসলাম বলেন, সকালে এসে দেখি কয়েকটি কবর খোঁড়া। পরে বুঝতে পারি আমার বোনের কঙ্কাল চুরি হয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনছুর আলী বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অন্যদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশের এএসআই সুমন কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
তারা দাবি করেন, এসব ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।






