মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন।
শনিবার (২৩ মে) সকাল থেকে দিনব্যাপী রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সীমান্ত এলাকার পাঁচ শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে কার্যক্রম পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল বি. এম. তৌহিদ হাসান, ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন এবং সহকারী পরিচালক মাহফুজার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ তুলনামূলক কম। সেখানে বিজিবির এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।