চট্টগ্রামে ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন ও মাওলা আলী (আ.)-এর অভিষেক স্মরণে র্যালি
ঈদে গাদীর উপলক্ষে নগরজুড়ে র্যালি, খুতবা পাঠ, নাত-গজল পরিবেশন ও তবারুক বিতরণ।
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ঈদে গাদীর উদযাপন এবং মাওলা হযরত আলী (আ.)-এর অভিষেক স্মরণে আলোচনা সভা, খুতবা পাঠ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর সদরঘাটস্থ ইমামবাড়া থেকে গাদীর অনুসারীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরঘাট রোড, নিউমার্কেট মোড়, টাইগারপাস মোড়, ইস্পাহানী মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে গাদীর খুমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মূল খুতবা পাঠ করেন ইমামবাড়ার ইমাম মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন। বক্তারা বলেন, ঈদে গাদীর মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নেতৃত্ব, ন্যায়বিচার ও ঐক্যের শিক্ষা বহন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. কামরুল ইসলাম, মাওলানা মামুনুল হক, খালেক পারভেজ, আরিফ বাবরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব। এ সময় মাওলা আলী (আ.)-এর শানে নাত ও গজল পরিবেশন করেন শিল্পী জুয়েল দ্বীপ।
র্যালি চলাকালে নগরীর বিভিন্ন মোড়ে পথচারীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরে দিবসটির তাৎপর্য স্মরণ করেন।






