কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নির্মাণকাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংসদ সদস্য মজিবুর রহমানের।
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে চারটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের আড়াবাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন করেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গাজীপুর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলবাড়িয়া ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোয়ালবাইদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১ দশমিক ৪৬০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
এছাড়া বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩ এর আওতায় মৌচাক ইউনিয়নের এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস থেকে কাসিমপুর ইউনিয়ন সীমান্ত পর্যন্ত, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ হয়ে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ দশমিক ১৬০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের চুক্তিমূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
একই প্রকল্পের আওতায় মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট থেকে শৈলাখালী, কুশলনাথ হয়ে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ দশমিক ৫০০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের চুক্তিমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
ফুলবাড়িয়া ইউনিয়নের আরএন্ডএইচ সংযোগ সড়ক থেকে এনবি পাড়া, বাশাকৈর জিপিএস এবং জাবেদ আলী উচ্চ বিদ্যালয় হয়ে সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ কিলোমিটার দীর্ঘ এ সড়কের চুক্তিমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।






