শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ঘিরে থানা পুলিশের নিরাপত্তা মহড়া ও চেকপোস্ট অভিযান
জাতীয় পুলিশ সপ্তাহ'কে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরে মহড়া, শোভাযাত্রা এবং গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছে।
এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার

জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে শহরে মহড়া, শোভাযাত্রা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে থানা কম্পাউন্ড থেকে পুলিশের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গণে ফিরে আসে। পাশাপাশি পৃথক পুলিশ টিম শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি কার্যক্রম চালায়।
শোভাযাত্রা ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেল অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের পাশাপাশি মৌলভীবাজার জেলাতেও বিভিন্ন কর্মসূচি চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত, মাদক ও সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।






