রাজস্থলীতে চাঁদের গাড়ি উল্টে আহত ৬
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলীতে ইটের খোয়া বোঝাই একটি চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে চালকসহ ৬ জন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজস্থলী থেকে ইটের খোয়া নিয়ে আসা চাঁদের গাড়িটি গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগান এলাকায় পাহাড়ি পথে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর গাড়িটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে গাড়িতে থাকা চালকসহ ৬ জন আহত হন।
আহতরা হলেন, শৈহ্লাসাই মারমা (১৬), বোসিওয়ং মারমা (১৭), মংচসিং মারমা (১২), কৃঞ্চ কুমার (১৪), সাকিব তঞ্চঙ্গ্যা এবং নুখ্যাইমং মারমা (১৫)। সকলের বাড়ি গাইন্দ্যা শিশু সদন এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান।
রাজস্থলী সদর হাসপাতালের আরএমও জানান, বেলা সাড়ে ১১টার দিকে আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। গাড়িটি উদ্ধার করে থানায় আনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






