জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাঙ্গামাটি জেলা শাখার নবগঠিত কমিটি।
মঙ্গলবার (৫ মে) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে এ কর্মসূচি পালন করা হয়। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রণি, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদল নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, ছাত্রদল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আদর্শ ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।
তিনি আরও বলেন, ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে আগামী দিনে রাঙ্গামাটিতে ছাত্রদলকে আরও গতিশীল সংগঠনে পরিণত করা হবে।
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।






