কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আসামিও ধরা
পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মাদক চক্রের সদস্য ও দীর্ঘদিনের পলাতক আসামিকে আটক করেছে রাঙ্গামাটি পুলিশ।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। একই অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ মে) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলো, মোঃ আল মামুন ওরফে ‘কেচি মামুন’ (৩৫), মোঃ ইমাম হোসেন (২৪) এবং জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সোহাগ প্রকাশ সবুজ।
পুলিশ জানায়, পাবলিক হেলথ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আল মামুন ও ইমাম হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে পৃথক অভিযানে জিআর নং-২৮০/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহাগ প্রকাশ সবুজকে গ্রেফতার করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।






