ভারতে পালানোর চেষ্টাকালে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার
চাকরিচ্যুত সেনা সদস্য মাহেদকে ১২ ঘণ্টার অভিযানে আটক, পরে সিটিটিসির কাছে হস্তান্তর।
এম. মুসলিম চৌধুরী, মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন 'মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ' এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মোঃ রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ভারত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং চাকরিচ্যুত সেনা সদস্য রাহেদ হোসেন মাহেদ অবৈধভাবে ভারত পালানোর চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল বড়লেখা থানাধীন দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় অভিযান চালায়।
দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযান শেষে বুধবার (১৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে ওই এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাহেদ হোসেন মাহেদের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকায়। তার পিতার নাম নূর মিয়া এবং মাতার নাম মোছাঃ সাফিয়া খানম।
পুলিশ জানায়, যাচাই-বাছাই করে দেখা গেছে, তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন ঢাকার শাহবাগ থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি।
পরে সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উগ্রবাদী সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া রেড এলার্ট জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।






