নবগঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে সাজেকে আনন্দ মিছিল
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

'নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙ্গামাটি জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে' এমন আশাবাদ ব্যক্ত করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ছাত্রদল।
রোববার (৩ মে) বিকেলে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আনন্দ মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ এবং মিষ্টি বিতরণ করা হয়। বিকেলে বাঘাইহাট বাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কমিটির পক্ষে এবং সংগঠনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সমাবেশে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাজেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইউসুফ আলী, সাজেক শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম মানিক এবং সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে এবং ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
সাজেক থানা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মানিক বলেন, আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা সব সময় সোচ্চার থাকব। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।






