এসএসসি ও সমমানের পরীক্ষা নবম দিনে: তিন বিভাগে গুরুত্বপূর্ণ বিষয়
সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে পদার্থবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস ও বিশ্বসভ্যতা, হাদিস ও রসায়ন-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে চলমান ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ রোববার নবম দিনে প্রবেশ করেছে। রোববার (১০ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া এদিনের পরীক্ষায় সাধারণ, মাদরাসা ও কারিগরি এই তিন ধারার শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
রুটিন অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাণিজ্য বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং এবং মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীরা হাদিস এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা রসায়ন-২ পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। প্রশ্নপত্র বিতরণের আগে কোড ও সিলেবাস যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক সিলেবাসে প্রশ্নপত্র প্রণয়ন করায় কেন্দ্রগুলোতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আগামী ২০ মে পর্যন্ত তাত্ত্বিক পরীক্ষা চলবে।






