জবি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রশিক্ষণ ১৪ মে, বিশেষ আকর্ষণ মাসফিক এনাম তূর্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী অনলাইন ও অফলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম; সিভি রাইটিং, এআই টুলস ব্যবহার, কর্পোরেট দক্ষতা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে থাকছে বিশেষ সেশন।
জবি প্রতিনিধি

শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট ক্লাব আয়োজন করতে যাচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি 'ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০'। আগামী ১৪ মে থেকে অনলাইনে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত বিভিন্ন সেশন চলবে এবং ১৯ মে অনুষ্ঠিত হবে অফলাইন মেগা ডে।
ক্লাবটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা এবং কর্পোরেট সক্ষমতা উন্নয়নে কাজ করে আসছে। নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ, কর্পোরেট সেশন এবং বিজনেস কেস প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করছে সংগঠনটি।
এবারের আয়োজনে অংশগ্রহণকারীরা সিভি লেখা, প্রেজেন্টেশন দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস ব্যবহার, উদ্যোক্তা হওয়ার কৌশল, পার্সোনাল ব্র্যান্ডিং এবং কনটেন্ট স্ট্র্যাটেজি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা পাবেন। অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিত্বরা এসব সেশন পরিচালনা করবেন।
আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাসফিক এনাম তূর্য। তিনি একটি বিশেষ সেশনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবেন।
আয়োজকরা জানিয়েছেন, প্রোগ্রামটি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে। অনলাইন সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই কর্পোরেট স্কিল ও ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে ধারণা নিতে পারবেন। আর ১৯ মে অনুষ্ঠিত অফলাইন মেগা ডেতে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
টেনটেটিভ স্পিকার তালিকায় রয়েছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মানবসম্পদ বিভাগের নির্বাহী মোঃ জামিল রওশন শীতল, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের এইচআর স্পেশালিস্ট আবদুর রহমান সিফাত, তন্দুর বাই জার্মান বুচারের সিইও কামরুল হাসান, ১০ মিনিট স্কুলের সাবেক ক্রিয়েটিভ লিড ও বর্তমান ডিজাইন ডিরেক্টর আসিফ হোসাইন এবং বাংলালিংকের কালচার অ্যান্ড এনগেজমেন্ট ম্যানেজার সুনাইরা রহমান সুহা।
ক্লাবের সিনিয়র ম্যানেজমেন্ট ট্রেইনি প্রলয় সাহা বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সিভি লেখা, এআই ব্যবহার এবং স্টার্টআপ বিষয়ে সরাসরি অভিজ্ঞতা পাওয়া আমাদের জন্য খুবই উপকারী।
অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের এক শিক্ষার্থী জানান, পার্সোনাল ব্র্যান্ডিং, পাবলিক স্পিকিং এবং ডিজিটাল স্কিল নিয়ে শেখার সুযোগ পাওয়া আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
ক্লাবের সাধারণ সম্পাদক শান্ত চন্দ্র শীল বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের কর্পোরেট জগত সম্পর্কে বাস্তব ধারণা দেয়। পাশাপাশি রিজিউম তৈরি, ইন্টারভিউ প্রস্তুতি ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা আরও জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের আগ্রহের কারণে সময়সীমা বাড়ানো হতে পারে বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।






