মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১ মে থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত অভিযান শুরু করেছে। এতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা অংশ নিচ্ছে। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি অন্যান্য বাহিনীও মাঠপর্যায়ে কাজ করছে।
তিনি আরও বলেন, দেশে মাদকের বিস্তার একদিনে হয়নি। এটি দীর্ঘদিনের সমস্যা। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জোরালো অভিযান চালানো হচ্ছে এবং প্রতিদিনই অগ্রগতি হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান বিশেষ অভিযানে প্রথমে বড় চোরাকারবারি ও সীমান্তপথে মাদক প্রবেশের সঙ্গে জড়িতদের আটক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের বিষয়ে আলাদা পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে সমাজকল্যাণ মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






