নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকদের
নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসকদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে ও সময়মতো বাস্তবায়নের পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহারের লক্ষ্য অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণ ও সম্পন্ন করার বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়নে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন, উন্নয়ন বাজেটকে দুর্নীতিমুক্ত রাখা এবং সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়েও জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।






