ঢাকাসহ ১৪ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস।
নিজস্ব প্রতিবেদক

দেশের ১৪টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১০ মে) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার কারণে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থেকে ১ নম্বর সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।






