আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী
চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান, সাইবার অপরাধ দমনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সংগঠিত অপরাধ ও মাদকবিরোধী অভিযানের কারণে পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, অপরাধের ধরন এখন পরিবর্তিত হচ্ছে। তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ বৃদ্ধি পাওয়ায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।
মন্ত্রী জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী নতুন আইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, সমাজে মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করা হবে। এতে জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।
পুলিশ কল্যাণে সরকারের উদ্যোগ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। আর্থিক সক্ষমতা বিবেচনায় পুলিশের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।
তিনি জানান, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি পুলিশ হাসপাতাল আধুনিকায়ন, আবাসন সংকট সমাধান এবং অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে।






