শিক্ষার্থীদের যেন সময় নষ্ট না হয়, সে লক্ষ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায় এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনে অযথা সময় নষ্ট না হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হওয়ার প্রস্তাব করা হয়েছে। এ উপলক্ষে রুটিন ও কর্মপরিকল্পনাও প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।
এছাড়া ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ৬ জুন পরীক্ষা শুরু হয়ে ১৩ জুলাই শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও একই সময়সীমার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।