কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার, অস্ত্র ও গাড়ি উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৪) রাতে উপজেলার চাপাইর আসিরাবাড়ি এলাকার একটি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, রামদা ও চাপাতি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কালামপুর গ্রামের রামজান আলীর ছেলে তামজিদ আহমেদ (২৬) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ফুল মিয়ার ছেলে পারভেজ আহমেদ (২৫)।
পুলিশ জানায়, আশিরাবাড়ী-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের খেলার মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক একটি প্রাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে দাবি পুলিশের।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম জানান, ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।






