ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত হলে সমাজে অপরাধ ও সহিংসতা কমবে: ডিজি
লংগদুতে শিক্ষক-ইমামদের সঙ্গে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা।
আহমদ বিলাল খান

শিশুদের নৈতিক অবক্ষয় রোধ ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান। তিনি বলেন, সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা গেলে সমাজে অপরাধ, সহিংসতা ও মূল্যবোধের অবক্ষয় অনেকাংশে কমে আসবে।
গতকাল রাঙ্গামাটির লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন কর্মকর্তা, মডেল ও সাধারণ কেয়ারটেকার, শিক্ষক-শিক্ষিকা, ইমাম ও মুয়াজ্জিনদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন, মাইনীমুখ ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশিদ।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার গুরুত্ব আরও বেড়েছে। এ কারণে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আধুনিক ও বাস্তবমুখী করে তুলতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, ইমাম, মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথিসহ আগত অতিথিরা লংগদু উপজেলা মডেল মসজিদের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।






