ফুলতলী (রহ.)-এর স্মৃতি সংরক্ষণে দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতি পরিষদ গঠন
সাত সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান ও সদস্য সচিব হাফেজ মঈনুল ইসলাম
আহমদ বিলাল খান

উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শামছুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর জীবনাদর্শ, ধর্মীয় শিক্ষা ও স্মৃতি সংরক্ষণের প্রত্যয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে গঠন করা হয়েছে লতিফিয়া স্মৃতি পরিষদ। সংগঠনের কার্যক্রম পরিচালনায় সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান এবং সদস্য সচিব হয়েছেন হাফেজ মঈনুল ইসলাম।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দোহালিয়াবাজারের আল-নাবা রেস্টুরেন্টে ফুলতলী (রহ.)-এর অনুসারীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাফেজ কারী আমিরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন লতিফিয়া কারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সভাপতি ও ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, একই সংগঠনের সাধারণ সম্পাদক ও নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, শাহ ফরুক আহমদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল উদ্দিন, লতিফিয়া কারী সংগঠন পঞ্চগ্রামের সভাপতি কাজী রেজাউল করিম রেজা এবং আস সালিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।
সভায় আরও উপস্থিত ছিলেন ক্বারি শামশীর আহমদ, মাওলানা ফারুক আহমদ খান, মাওলানা মুহাম্মদ ইউসুফ খান, হোসাইন আহমদ, সাইদুল হকসহ স্থানীয় আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের আহ্বায়ক, আস সালিম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী ও আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামছুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)-এর জীবনাদর্শ, ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ সংগঠন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। তাঁর স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের বিকাশ, নৈতিক শিক্ষার প্রসার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করতে চায় লতিফিয়া স্মৃতি পরিষদ। তরুণ প্রজন্মকে আদর্শিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সংগঠনটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা বুরহান উদ্দিন, হাফেজ আশিকুর রহমান, কাজী এমদাদ সিদ্দিকী, মাহবুব হোসেন জাকারিয়া ও হাফেজ আল আমিন।
সভায় অংশগ্রহণকারীরা ফুলতলী (রহ.)-এর শিক্ষা, আদর্শ ও আধ্যাত্মিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।






